অর্থ এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ। আর অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপিদলীয় এমপি মুশফিকুর রহমান। ৯০ বছর বয়সী মুশফিকুর ত্রয়োদশ সংসদের বয়োজেষ্ঠ্য সদস্য।
আজ রবিবার সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফহুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। দুটি কমিটিই ১০ সদস্যের। জামায়াত ইসলামীর দুইজন এবং এনসিপির একজন করে এমপিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-১ আসন মইনুল ইসলাম খান, লক্ষীপুর-১ আসনের শাহাদাত হোসেন। জামায়াত থেকে সদস্য হয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন এবং ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।
আইন মন্ত্রণালেয়র কমিটির সদস্যরা হলেন- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্ত্রী, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়া-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান। জামায়াত থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন এবং নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপির থেকে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের আকতার হোসেন।
এর আগে গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা। সংসদীয় এবং মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সংখ্যা ৫০টি। রবিবার পর্যন্ত আটটি কমিটি গঠন করা হয়েছে। উৎস: দেশ রুপান্তর।