প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দল কুরাসাওকে প্রথমার্ধেই ৩ গোল দিয়েছে জার্মানরা। যদিও ২১ মিনিটে কুরাসাও গোল করে জার্মানদের অনেকটাই ভড়কে দিয়েছিল।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে কুরাসাওকে চাপে রাখে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেই আধিপত্যের পুরস্কারও পেয়ে যায় তারা ম্যাচের ষষ্ঠ মিনিটে। ফেলিক্স নমেচার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। এতে করে ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ডও হয়ে যায় ফেলিক্সের।
তবে ২১ মিনিটে কুরাসাওকে সমতায় ফিরিয়ে জার্মানদের ভড়কে দেন কুরেসিয়ান ফুটবলার লিভানো কোমেনেনসিয়া।
পরে ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করে জার্মানদের এগিয়ে নেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
অতিরিক্ত সময়ে ডি বক্সের ভেতর জার্মান ফুটবলারকে অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টি পায় দলটি। কাই হাভার্টজ কুরাসাও গোলকিপারকে পরাস্ত করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।
এদিকে তারকায় ঠাসা একাদশ নিয়ে মাঠে নেমেছে জার্মানি। গোলপোস্টে অভিজ্ঞ ম্যানুয়েল ন্যুয়ার, রক্ষণে জশুয়া কিমিখ, জোনাথন তাহ ও নিকো শ্লটারবেক। মাঝমাঠে আছেন ফেলিক্স নমেচা ও আলেক্সান্ডার পাভলোভিচ। আক্রমণে ফ্লোরিয়ান ভির্ৎজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে ও কাই হাভার্টজের মতো তারকারা।
অন্যদিকে কুরাসাও একাদশে রয়েছেন এলোই রুম, রিচেডলি বাজার, জুনিনহো বাকুনা, তাহিথ চং ও জার্গেন লোকাদিয়ার মতো পরিচিত মুখ।
জার্মান একাদশ (৪-৩-২-১)
ম্যানুয়েল নুয়্যার, নাথানিয়েল ব্রাউন, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, জশুয়া কিমিখ, ফেলিক্স নমেচা, আলেক্সান্ডার পাভলোভিচ; ফ্লোরিয়ান ভির্ৎজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে; কাই হাভার্টজ।
কুরাসাও একাদশ (৪-২-৩-১)
এলোই রুম; ডেভেরন ফনভিল, আরমান্দো ওবিসপো, রিচেডলি বাজার, শেরেল ফ্লোরানুস; লিয়ান্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া; জুনিনহো বাকুনা, তাহিথ চং, সন্টিয়ে হ্যানসেন; জার্গেন লোকাডিয়া।