স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতিযোগিতায় এখন তলানিতে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে ১০০-এর মধ্যে মাত্র ২২.৬ নম্বর পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মূল্যায়নে অন্তর্ভুক্ত ১০টি টি-টোয়েন্টি লিগের মধ্যে এটিই সর্বনিম্ন স্কোর।
খেলোয়াড়, এজেন্ট এবং বিভিন্ন দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মতামতের ভিত্তিতে সম্প্রতি বিশ্বের প্রধান টি-টোয়েন্টি লিগগুলোর মূল্যায়ন নম্বর প্রকাশ করেছে ডব্লিউসিএ। সেখানে শীর্ষে রয়েছে ইংল্যান্ডের শতবলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’, তাদের প্রাপ্ত নম্বর ৭৫ দশমিক ২।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এসএ২০ পেয়েছে ৬৮ নম্বর। ৬২ দশমিক ৬ নম্বর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। বিপরীতে মাত্র ২২ দশমিক ৬ নম্বর নিয়ে র্যাঙ্কিং তালিকার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
বিপিএলের এতটা পিছিয়ে পড়ার কারণও স্পষ্ট করেছেন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লিসা স্টালেকার। তার মতে, বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতে হলে টুর্নামেন্টটির সার্বিক মান বাড়ানোর পাশাপাশি পারিশ্রমিক ও ব্যবস্থাপনাগত সমস্যাগুলো দূর করতে হবে।
তিনি বলেন, ‘সবাই নিজের কাজের জন্য পারিশ্রমিক পায়, ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। একজন পেশাদার ক্রিকেটার চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করা মাত্রই তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। এজন্য টুর্নামেন্টের নির্দিষ্ট কাঠামো বা রূপরেখা থাকলে সেটা অনুসরণ করা প্রয়োজন।
লিসা স্টালেকার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বিপিএল ভালো অবস্থানে নেই। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো পারিশ্রমিকসংক্রান্ত অনিশ্চয়তা। একজন পেশাদার ক্রিকেটার মাঠে নিজের দায়িত্ব পালন করলে, সময়মতো তার প্রাপ্য অর্থ পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে।
গত কয়েকবছর ধরে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছে বিপিএল। ক্রিকেটারদের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করলেও ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ পর্যন্ত তা পরিশোধ করেনি। ২০২৫ সালে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিল রাজশাহী, চিটাগংও কম বিতর্কে জড়ায়নি। গেলো আসরে পারিশ্রমিক ইসুতে সিলেট টাইটান্সকে নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে।