মনিরুল ইসলাম: রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনায় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ক্যামেরা দ্রুত স্থাপনের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী বিস্তারিত খোঁজখবর নেন। এআই ক্যামেরা কতগুলো স্থাপন করা হয়েছে এবং বাকি ক্যামেরাগুলো কবে নাগাদ স্থাপন করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান তিনি।
বৈঠকে রাজধানীর পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।