২০২৬ ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম আচরণবিধিতে শেষ মুহূর্তে বড় ধরনের পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্যালারিতে কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।
মূলত ম্যাচ চলাকালীন খেলোয়াড় ও অন্যান্য দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে।
অথচ গত মাস পর্যন্তও ফিফার নিয়মে স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকার অনুমতি ছিল।
কিন্তু গত বৃহস্পতিবার ফিফা জানিয়েছে, মঙ্গলবার থেকে কার্যকর হওয়া সংশোধিত আচরণবিধিতে এই অনুমতি বাতিল করা হয়েছে। মাঠে কোনো কিছু ছুড়ে মারলে খেলোয়াড় বা দর্শকরা যাতে চোট না পান, তা নিশ্চিত করতেই বোতল, কাপ, জার এবং ক্যান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক এবং স্টাফ সবার স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। মাঠে যেকোনো ধরনের ঝুঁকি ও চোটের আশঙ্কা এড়াতেই বোতল নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে এমনিতেও নিরাপত্তার কারণে বাইরে থেকে বোতল নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, ফিফা এখন পুরো টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।’
এদিকে ফিফার এই আকস্মিক সিদ্ধান্তে দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বকাপের বেশ কিছু ভেন্যুতে তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস (৭৯ থেকে ৮২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে। এই তীব্র গরমে গ্যালারিতে বসে খেলা দেখার সময় দর্শকরা কীভাবে নিজেদের হাইড্রেটেড রাখবেন এবং স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে সমর্থকরা বেশ চিন্তিত।
অবশ্য দর্শকদের আশ্বস্ত করে ফিফা জানিয়েছে, গরম মোকাবিলা এবং পানির চাহিদা মেটাতে স্টেডিয়ামগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য গরমের তীব্রতা কমানোর উপায় নিয়ে ফিফা প্রতিটি আয়োজক শহর এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এর অংশ হিসেবে স্টেডিয়ামের আশেপাশে মিস্ট ফ্যান (পানির কণা ছড়ানো ফ্যান), হাইড্রেশন স্টেশন (খাবার পানির বুথ), কুলিং টেন্ট (শীতল তাঁবু) সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে পানির বোতলের দাম অন্যান্য সাধারণ ইভেন্টের মতোই স্বাভাবিক রাখা হবে।’
আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ৪৮ দলের এই ফুটবল মহাযজ্ঞ।