সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলে, অন্যজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এছাড়া আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হৃদয় (২৮) ও আশরাফ ওরফে আসিফ (২৮)। এদের মধ্যে হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে, অন্যজন আসিফ কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা।
এছাড়া আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এলাকায় দুপক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আশরাফ ওরফে আসিফ (২৮) ও আশরাফুল ইসলাম (২০) গুরুতর আহত হন।
পরিবারের লোকজন জানান, ঘটনার পর সদর হাসপাতালে নেওয়ার পর হৃদয়কে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত দুজনের মধ্যে আশরাফ ওরফে আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আসিফ মারা যান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আসিফের লাশ চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।