স্পোর্টস ডেস্ক : ভারতের গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিং নেয়া মুম্বাইয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলে রাজস্থান। সংক্ষিপ্ত পাওয়ারপ্লে (৩.২ ওভার) থেকেই আসে ৫৯ রান। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে মুম্বাই বোলারদের ওপর চড়াও হন। ৩৯ রান করে বৈভব আউট হলেও থামেননি জয়সওয়াল।
রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। মাত্র ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন পরাগ। নির্ধারিত ১১ ওভারে ৩ উইকেটে ১৫০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। মুম্বাইয়ের হয়ে আল্লাহ গাজানফার ২টি উইকেট নেন।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে মুম্বাই। পাওয়ারপ্লে শেষেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাঝে কিছু ব্যাটার ভালো শুরু পেলেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি তারা।
রাজস্থানের হয়ে নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই—প্রত্যেকে ২টি করে উইকেট পান। শেষ পর্যন্ত ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রানেই থামে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস।