স্পোর্টস ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান হলো। দীর্ঘদিনের আক্ষেপ এবার শেষ। বাংলাদেশে আনা হলো স্পিন বোলিং মেশিন। সোমবার ৬ এপ্রিল মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে প্রথমবার দেখা গেল এই মেশিন।
এর আগেও বাংলাদেশে দেখা গেছে বোলিং মেশিন। তবে সেগুলো দ্রুতগতির বল কিংবা বাউন্সার খেলার জন্য উপযোগী করতে ব্যবহার করা হতো। এবার প্রথম দেখা গেল স্পিন বোলিং মেশিন।
স্পিন বোলিং মেশিন না থাকায়, পেস বোলিং মেশিন দিয়েই নানা কায়দায় কাজ চালিয়ে নিচ্ছিলেন কোচরা। সাধারণত স্পিন বোলিং মেশিন বেশি দেখা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে। সাধারণত এই দেশগুলোতে উইকেট স্পিন বোলিং সহায়ক না হওয়ায় তারা এই মেশিন ব্যবহার করেন।
সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান শাহরিয়ার নাফীস জানান, ১০ হাজার পাউন্ড দিয়ে কেনা হয়েছে এই মেশিন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।
নাফীস বলেন, এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল৷ কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।
স্পিন বোলিং মেশিনের সুবিধাগুলো কি কি তা জানালেন নাফীস। তিনি বলেন, 'এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।