স্পোর্টস ডেস্ক : দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এখনও শুরু হয়নি। বর্তমান বোর্ডের অধীনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকাভিত্তিক অনেক ক্লাব। এতে করে টুর্নামেন্ট আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ক্রিকেটারদের মধ্যে বাড়ছে হতাশা।
জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারের জন্য ডিপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে প্রধান আয়ের উৎস। তবে বিপিএলে সুযোগ পান না অনেকেই। তাই তারা সারা বছর অপেক্ষায় থাকেন ডিপিএলের জন্য। কিন্তু এই লিগ না হলে সরাসরি তাদের জীবিকায় প্রভাব পড়ে। এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ক্রিকেটারদের ওপরই।
বিদ্রোহী ক্লাবগুলো অভিযোগ তুলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে। এ কারণে তারা বর্তমান বোর্ডের অধীনে শুধু ডিপিএলই নয়, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করলেও ডিপিএলের গুরুত্বের সমতুল্য কিছু দাঁড় করাতে পারেনি বোর্ড।
এ বিষয়ে বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সবাইকে ক্রিকেটকে জিম্মি না করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি, যাই সমস্যা থাকুক, খেলা বন্ধ রাখা উচিত নয়। ক্রিকেট তার মতো চলা উচিত। অন্য বিষয়গুলো আলাদাভাবে সমাধান করা দরকার। আমার ব্যক্তিগত মত—খেলার সঙ্গে অন্য কিছু মেশাবেন না।
তিনি ক্লাবগুলোর প্রতিও আহ্বান জানিয়ে বলেন, এটা অনেক খেলোয়াড়ের প্রধান আয়ের উৎস। শুধু বিপিএলে যারা খেলেন তাদের কথা নয়, অনেকেই পুরোপুরি লিগ ক্রিকেটের ওপর নির্ভরশীল। তাই প্রিমিয়ার লিগ হওয়া উচিত।
এদিকে বর্তমানে আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে, যেখানে সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হবে।