স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রতি ক্রিকেটারদের থাকে বাড়তি আকর্ষণ। হয়তো বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ বলেই। যার কারণে আইপিএলে ডাক পেলে অন্য লিগ ছেড়ে যেতেও একবারও ভাবেন না তারা। সম্প্রতি দেখা যাচ্ছে এমন ঘটনা। যার প্রভাব পড়েছে পিএসএলে।
পাকিস্তানের এই লিগ ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের লিস্ট দিনদিন লম্বা হচ্ছে। তবে বসে নেই পিসিবি। পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের কঠোর শাস্তি দেবে তারা।
আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল। দুইদিন বাদে মাঠে গড়াবে আইপিএল। দুই লিগ একসাথে হওয়ায় ক্রিকেটাররা পড়েছেন বিপাকে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজরাবানি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন, শোনা যাচ্ছে দাসুন শানার কথাও।
এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। তিনি বলেন, ‘আইপিএলের সঙ্গে সূচি মেলাটা বড় কোনো ইস্যু নয়। কারণ, অনেক তারকা ক্রিকেটাররা এখানে খেলছে। বছরের অন্য কোনো সময়ে ফাঁকা উইন্ডো পাচ্ছি না। সে কারণে পিএসএল পেছানো সম্ভব না।
গত বছর পিএসএলে দল পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল তার। পরবর্তীতে আইপিএলে দল পাওয়ায় পিএসএল ছেড়ে যান তিনি। তখন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। এ বছরও এমনটাই করবে তারা। পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেন, ‘আমরা নিয়ম মেনেই ব্যবস্থা নেব। গত বছর এমন একটা ঘটনা (বশের পিএসএল ছেড়ে চলে যাওয়া) ঘটেছিল। এবারও তা-ই হবে।
এবারের পিএসএলে ইসলামাদ ইউনাইটেডে খেলার কথা ছিল মুজরাবানির, আর শানাকাকে নিয়েছিল লাহোর কালান্দার্স। পিএসএল ছেড়ে দেওয়া মুজরাবানিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন শানাকা।