স্পোর্টস ডেস্ক : এবার আর পারলো না বাংলাদেশ। ঘটনাবহুল ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। আগে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন ৩ উইকেটে ২৭ রান, তখন নামে বৃষ্টি।
এরপর ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। কিন্তু টাইগাররা থামে ১১৪ রানে। রান তাড়ায় শুরুতেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৫ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ভালো করতে পারেননি গত ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিম ফিরেছেন ৭ বলে ১ রান করে। -- ডেইলি ক্রিকেট
ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। ১২ বলে তার ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ডাক মেরে।
বৃষ্টির পর লক্ষ্য কমে আসায় মেরে খেলা শুরু করেন লিটন দাস। একটা সময় মনে হচ্ছিল জিতবে বাংলাদেশ। কিন্তু ৩৩ বলে ৪১ রান করে ফেরেন লিটন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন তাওহীদ হৃদয়।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন হারিস রউফ ও মাজ সাদাকাত।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান পাকিস্তানের মাজ সাদাকাত। গত ম্যাচে ভালো শুরুর পর ফিরে যাওয়া সাদাকাত আজ পেয়েছেন ফিফটির দেখা। ৪৬ বলে খেলেছেন ৭৫ রানের ইনিংস। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ফিরেছেন ৪৬ বলে ৩১ রান করে
শামিল হোসেন দ্রুত ফেরার পর জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। দুজনের জুটিতে ওঠে ১০৯ রান। জুটিটা ভাঙে বিতর্কিত রান আউটে। মিরাহজের বলে সিঙেল নেওয়ার জন্য পুশ করেছিলেন রিজওয়ান। কিন্তু সেটা হবে না ভেবে নন স্ট্রাইকে থাকা সালমান বল কুড়িয়ে মিরাজকে দিতে ধরেন, তখনি মিরাজ বল নিজে কুড়িয়ে করেন রান আউট। ৬২ বলে ৬৪ রান করে ফেরেন সালমান।
এরপর ৪৪ রান করা রিজওয়ানকেও আউট করেন মিরাজ। বাকি ব্যাটাররা ভালো করতে না পারায় ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। দুটি উইকেট শিকার করেছেন মিরাজ।