স্পোর্টস ডেস্ক : ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। শেষ ষোলোর প্রথম লেগে ইউরোপজুড়ে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও সবচেয়ে বেশি নজর থাকবে ইংল্যান্ডের টাইনসাইডে, যেখানে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেড ও বার্সেলোনা।
ম্যাচটি ইংলিশ ক্লাবটির জন্য বিশেষ এক উপলক্ষ। ক্লাবটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় এটি মাত্র দ্বিতীয়বারের মতো খেলা। তাই ম্যাচটিকে ক্লাবের ইতিহাসের 'সবচেয়ে বড় ম্যাচ' বলেই উল্লেখ করেছেন নিউক্যাসলের কোচ এডি হাও। -- ডেইলি স্টার
প্লেঅফ পর্বে আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে-কে সহজেই হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। তবে এবার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা, যাদের কোচ হ্যান্সি ফ্লিক।
এই ম্যাচটি স্মরণ করিয়ে দিচ্ছে দুই দলের ১৯৯৭ সালের সেই ঐতিহাসিক লড়াইয়ের কথা। সেবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দেখায় বার্সেলোনাকে ৩–২ গোলে হারিয়েছিল নিউক্যাসল, যেখানে হ্যাটট্রিক করেছিলেন ফাউস্তিনো এসপ্রিয়া।
এক সময় অবনমন ও অস্থিরতার মধ্যে দিয়ে গেছে নিউক্যাসল। বিশেষ করে সাবেক মালিক মাইক অ্যাশলির সময় ক্লাবটি একাধিকবার অবনমনের স্বাদ পেয়েছিল। তবে ২০২১ সালে মালিকানা পরিবর্তনের পর নতুন করে উত্থান শুরু হয়েছে ক্লাবটির।
সাম্প্রতিক সাফল্যে টাইনসাইডে আবারও জেগেছে ইউরোপীয় স্বপ্ন। তাই বার্সেলোনার মতো জায়ান্টের আগমন সমর্থকদের জন্য অনেকদিনের প্রতীক্ষিত এক ইউরোপীয় রাত।
তবে নিউক্যাসলকে হালকাভাবে নিতে নারাজ বার্সেলোনা কোচ ফ্লিক। তার মতে, বিশ্বের সেরা লিগ হিসেবে বিবেচিত ইংলিশ প্রিমিয়ার লিগের দল হওয়ায় নিউক্যাসলকে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।