স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের লড়াই হলো সমানে সমান। কিন্ত গোলের সুযোগ আইরিশরা তৈরি করতে পারেনি। তবে অনেক সুযোগ হারানোর পর স্পট কিক থেকেও গোল করতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।
পয়েন্ট হারানোর শঙ্কা ততক্ষণে জেঁকে বসেছে পর্তুগিজ শিবিরে। অবশেষে যোগ করা সময়ে ডেডলক ভাঙলেন রুবেন নেভেস। রিপাবলিক অব আয়ারল্যান্ডের জমাট রক্ষণ ভেঙে জয়ের আনন্দে ভাসল পর্তুগাল।
লিসবনে শনিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। টানা তিন জয়ে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি।
প্রায় ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ৩০টি শট নেয় পর্তুগাল, যদিও এর কেবল ছয়টিই ছিল লক্ষ্যে। আর পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত আয়ারল্যান্ড শট নিতে পারে মাত্র দুটি, কোনোটিই ছিল না লক্ষ্যে।
তিন ম্যাচের শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে হাঙ্গেরির পয়েন্ট ৪। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্মেনিয়া। আইরিশদের পয়েন্ট ১।