স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ পর আবার জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে জিতে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ৭ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড।
আগের রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রায়ান এমবুমোর ক্রস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন মাউন্ট।
৩১তম মিনিটে ব্যবধান বাড়ান সেসকো। স্বাগতিকদের ফ্রি-কিক সফরকারীরা ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর কাছ থেকে গোলটি করেন তিনি। ইউনাইটেডের হয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।