শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় বছরের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে জাপানি অর্থায়নে মেগা প্রকল্পগুলোয়

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে নির্মাণাধীন ঢাকার দুটি নতুন মেট্রোরেল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে দীর্ঘ দেড় বছরের স্থবিরতা কাটতে শুরু করেছে।

মেট্রো প্রকল্প দুটির নির্মাণকাজে ঠিকাদার আর থার্ড টার্মিনালে অপারেটর নিয়োগ কার্যক্রম নতুন গতি পেয়েছে বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো। এর মধ্যে মেট্রোরেলের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনালও বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি হওয়া মাতারবাড়ী বন্দরের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রকল্পগুলোর কাজে গতি পাওয়ার পেছনে রাজনৈতিক পটপরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্তর্বর্তী সরকারের সময় জাপানি অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর মধ্যে বিমানবন্দর-কমলাপুর, নতুনবাজার-পূর্বাচল মেট্রোরেল (এমআরটি লাইন-১) ও হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল (এমআরটি লাইন-৫, উত্তর) প্রকল্পের কাজে স্থবিরতা তৈরি হয়। ২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হওয়া প্রকল্প দুটির নির্মাণ ব্যয় প্রাক্কলন করা হয় যথাক্রমে ৫২ হাজার ৫৬১ কোটি ও ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। তবে প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদাররা যে সর্বনিম্ন দর প্রস্তাব করে, তাতে প্রকল্প দুটির ব্যয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ ব্যয়কে ‘‌অস্বাভাবিক’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকার ব্যয় কমাতে উদ্যোগী হয় এবং এ লক্ষ্যে জাইকা ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে আলোচনা ও দরকষাকষি শুরু করে। যদিও বিষয়গুলোর সুরাহা না হওয়ায় দরপত্র প্রক্রিয়াতেই আটকে থাকে মেট্রো দুটির নির্মাণকাজ।

রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর মেট্রোরেল প্রকল্পগুলোর দরপত্র প্রক্রিয়া নিয়ে জাইকা ও অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে আলোচনা গতি পেয়েছে। বর্তমানে এমআরটি লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের (সিপি ০২ এবং সিপি ০৫) ক্রয় প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ দুটির চুক্তি কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে জাইকা ও জাপানি দূতাবাস ডিএমটিসিএলকে অনুরোধও জানিয়েছে। ২০২৬ সালের মার্চ মাসের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের পিতলগঞ্জে এ প্রকল্পের ডিপোর ভূমি উন্নয়নকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। ১২টি প্যাকেজে প্রকল্পটির কাজ বাস্তবায়িত হচ্ছে, যেগুলোর কাজ বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এমআরটি লাইন-১-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সারওয়ার উদ্দীন খান বণিক বার্তাকে বলেন, ‘‌দরপত্র প্রক্রিয়াটি বর্তমানে সক্রিয় পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন ধাপে আলোচনা চলছে। আমরা দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছি।’

অন্যদিকে, এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের ডিপোর কাজ সম্পন্ন হয়েছে ৭৭ শতাংশের বেশি। এ লাইনের উড়াল অংশ ও মেইন লাইন নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচনের আলোচনা এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তারা।

দেশের যোগাযোগ অবকাঠামো খাতে জাইকার অর্থায়নে বাস্তবায়িত আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। টার্মিনালটি এক বছরের বেশি সময় ধরে চালুর জন্য প্রস্তুত অবস্থায় থাকলেও বাণিজ্যিক কার্যক্রম আটকে আছে অপারেটর নিয়োগ না হওয়ায়।

বাংলাদেশ সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হবে জাপানের একটি কসসোর্টিয়ামকে। অপারেটর হিসেবে জাপানি কনসোর্টিয়ামও চূড়ান্ত হয়েছে। তবে টার্মিনাল থেকে প্রাপ্ত রাজস্ব অপারেটর কতটা পাবে, আর বাংলাদেশকে তারা কতটা রাজস্বের ভাগ দেবে—তা নিয়ে কনসোর্টিয়ামের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকার।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের মতো থার্ড টার্মিনালের অপারেটর নিয়োগ কার্যক্রম নতুন গতি পেয়েছে। নতুন সরকারের সঙ্গে এ বিষয়ে জাপানের সংশ্লিষ্ট প্রতিনিধিরা একাধিক বৈঠকও করেছেন।

বেবিচক সূত্রে জানা গেছে, জাপানি কনসোর্টিয়াম টার্মিনালের রাজস্ব ভাগাভাগি নিয়ে নতুন করে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে দরকষাকষি চলমান রয়েছে।

টার্মিনালের পরিচালনার দায়িত্ব জাপানকে দেয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‌হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।’

সম্প্রতি ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা এ প্রকল্পগুলোর গতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গত ২০ এপ্রিল জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (জেসিআইএডি), জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেইটিআরও) ঢাকা অফিস আয়োজিত ‘স্ট্র্যাটেজিক ডিসকাশন অন অ্যাডভান্সিং বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ)’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে মেট্রো, বিমানবন্দর এবং মাতারবাড়ীর মতো জাপানসংশ্লিষ্ট প্রকল্পগুলো স্থবিরতার কঠিন সময় পার করেছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনইচি সাইদা বলেন, ‘আমরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আশা করি এ পুনরুদ্ধার প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে; কেননা (পূর্ববর্তী) যে দেড় বছরের বিলম্ব আপনারা বেছে নিয়েছিলেন, তা এরই মধ্যে আপনাদের নিজস্ব অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন করেছে। একই সঙ্গে এটি ভুলে গেলে চলবে না যে, এসব সুফল অর্জন কেবল রাজনৈতিক স্থিতিশীলতা এবং সহিংসতামুক্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করেই সম্ভব। আমরা পুরনো দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে দ্রুত একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার নতুন সরকারের অভিপ্রায়কে স্বাগত জানাই।’

সূত্র: বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়