শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মহসিন কবির: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর।গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে নিজেদের কাজে ইতি টেনেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

এতে সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সুপারিশ করেছে কমিশন। এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত দেবে কীভাবে বাস্তবায়ন হবে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভেদ রয়েই গেছে। এ অবস্থায় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। তাদের মতে, ঐকমত্য কমিশন দীর্ঘ সময় ধরে কতগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে, এটা অনেক বড় সাফল্য। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সনদের পক্ষে গণভোট কীভাবে কখন হবে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘নোট অব ডিসেন্ট’ না রাখা সঠিক সিদ্ধান্ত। ঐকমত্য কমিশন ভালো কাজ করেছে। ঝামেলাটা শুধু গণভোট নিয়ে। এখন রুলসটা দেবে নির্বাহী বিভাগ। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্তটা নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি উপদেষ্টা পরিষদ সংসদ নির্বাচনের দিনই গণভোটের আদেশটা দেবে। ঐকমত্য কমিশন যা করেছে খুব ভালো কাজ করেছে। বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে, যা আগে কখনও ছিল না।

ঐকমত্য কমিশনের সুপারিশে প্রতিক্রিয়া জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেছেন, আমরা যেসব দল ঐকমত্য কমিশনে মতামত দিয়েছি, তাদের মধ্যে অধিকাংশ দলের মতামত ছিল গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ রাখার সুযোগ নেই। কাজেই কমিশন যে সুপারিশ করেছে তা যুক্তিযুক্ত। কিন্তু ২৭০ পঞ্জিকা দিবসে কার্যকর না হলে গৃহীত হয়েছে বলে গণ্য হবে, এটা ঠিক না। সংবিধান সংস্কারের মতো বিষয়ে এভাবে অটো কার্যকর পৃথিবীর ইতিহাসে কোনো অতীত রেকর্ড নেই। তিনি বলেন, গণভোটের বিষয়ে অধিকাংশ দলের মতামত ছিল সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে হবে। কমিশন দুটি বিকল্প রেখেছে। যেহেতু আমরা অধিকাংশ দল মতামত দিয়েছিলাম ভোটের দিন গণভোট আয়োজনের জন্য, কমিশনের উচিত ছিল বাস্তবায়ন সুপারিশে সেটা উল্লেখ করা। এ বিষয়ে কমিশনের সুনির্দিষ্ট সুপারিশ থাকা বাঞ্ছনীয় ছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ এক প্রতিক্রিয়ায় বলেছেন, জুলাই জাতীয় সনদের (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫) যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে ভাষার গাম্ভীর্য আছে এবং গণ-অভ্যুত্থানকে ‘সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ও জনগণের পরম অভিপ্রায়ের প্রকাশ’ বলে স্বীকার করা হয়েছে। এটা সাধুবাদযোগ্য। তবে কিছু প্রশ্নে এখনও অস্পষ্টতা রয়েছে, যা আগামীর রাজনীতিকে কঠিন করে তুলতে পারে।

অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, খসড়ায় আদেশ কে দেবে স্পষ্ট করা হয়নি। আদেশ জারির কারণ হিসেবে ‘জনগণের জ্ঞাতার্থে ও সাংবিধানিক পরিষদের দায়িত্ব সম্পাদনের সুবিধার্থে’ উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো, এই আদেশের কোনো বাধ্যবাধকতা থাকছে না। তিনি বলেন, সমঝোতার স্বার্থে এই আদেশকে সাংবিধানিক আদেশের মর্যাদা থেকে নামিয়ে আনুষ্ঠানিক আদেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এটা এই আদেশকে জুলাই ঘোষণাপত্রের মতো একটি অকার্যকর কাগুজে আদেশে পরিণত করার আশঙ্কা থেকে যাচ্ছে। তা ছাড়া আদেশে গণভোট কখন হবে তাও স্পষ্ট করা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে।

এক দিনে দুই ভোট দাবি বিএনপির

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে গণভোট– এটির সঙ্গে বিএনপি একমত নয়। এ ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই।

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, কারা কী সুপারিশ করেছে, জানি না। যারা সুপারিশ করেছে, তারা নির্বাচন করবে না; করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। অনেকে অনেক কিছু সুপারিশ করতে পারে। আমাদেরও অনেক সুপারিশ ছিল, যেগুলো ঐকমত্যে আসেনি। ঐকমত্যের বাইরে গিয়ে কে কী বলছে, কে কী সুপারিশ করছে, এটি তাদের ব্যাপার। ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই।

সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, আলোচনায় নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় উঠে এসেছে। এর মধ্যে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আমীর খসরু। বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে এ বিএনপি নেতা বলেন, বর্তমান সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে, যারা প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধু বিএনপির কাছে প্রশ্নবিদ্ধ হয়নি, অন্যান্য রাজনৈতিক দলের কাছেও প্রশ্নবিদ্ধ হয়েছে। 

এ ছাড়া বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরত আসা, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাজ্যের সহযোগিতা এবং নির্বাচন কমিশনের কার্যপরিধির বিষয় আলোচনায় ছিল বলে জানিয়েছেন আমীর খসরু।

নভেম্বরে গণভোট চায় জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে, তাতে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, সুপারিশে গণভোটের সময়সূচি নেই। জামায়াতের দাবি– নভেম্বরেই গণভোট করতে হবে। 

তিনি বলেন, সুপারিশে বলা হয়নি, আদেশ কে জারি করবে। জামায়াতের অবস্থান হলো, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি নয়; আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে, যা সুপারিশে নেই।

কমিশন সুপারিশে জানিয়েছে, আদেশ কে জারি করবে, তা সরকার ঠিক করবে। আদেশ জারির পর থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত, যে কোনো সময়ে গণভোট হতে পারে। সরকার সময় নির্ধারণ করবে। হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটে সংস্কারের ফয়সালা করে নির্বাচনের দিকে যেতে হবে। নভেম্বরের মধ্যে গণভোট করে ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা করেও ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন সম্ভব। জামায়াত একেই যৌক্তিক মনে করে। 

নির্বাচনের আগে গণভোট চায় এনসিপি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সুপারিশে সরকার উল্লেখ থাকলেও তাদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের আদেশ জারি হবে। তবে নোট অব ডিসেন্টের (ভিন্নমত) কার্যকারিতা না রাখার বিষয়ও ইতিবাচক হিসেবে দেখছে দলটি। ফলে আগামী দু-এক দিনের মধ্যেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু আদেশটা কে জারি করবেন– সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কার্যকারিতা না রাখা এবং ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোটের বিধান রাখাটা আমরা ইতিবাচকভাবে দেখছি। জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিকভাবে এসব সুপারিশকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। বিশেষ করে ৯ মাসের মধ্যে সংস্কার না হলে জুলাই সনদ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। 

এদিকে গতকাল রাজশাহী নগরীর পর্যটন মোটেলে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গণমাধ্যমকে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে। সেগুলো পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হলে দলীয় প্রভাবমুক্ত থাকবে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়