যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই ব্যক্তি বিমানের ইঞ্জিনে আটকে যাওয়ার ফলে মুহূর্তেই সেখানে আগুন ধরে যায় এবং কেবিনের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উড্ডয়নের সময় ওই ব্যক্তি রানওয়েতে হাঁটছিলেন এবং ইঞ্জিনের প্রচণ্ড টানে তিনি ভেতরে চলে যান। ঘটনার পরপরই বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠান। রেডিও রেকর্ডিংয়ে পাইলটকে বলতে শোনা যায়, রানওয়েতে কেউ একজন বিমানের ধাক্কায় পিষ্ট হয়েছেন এবং ইঞ্জিনে আগুন লাগার কারণে তারা জরুরি ভিত্তিতে উড্ডয়ন বাতিল করছেন।
বিমানের ভেতরে থাকা ২২৪ জন যাত্রী ও সাতজন ক্রুকে স্লাইডের মাধ্যমে দ্রুত নিচে নামিয়ে আনা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের বাসে করে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়।
ফ্রন্টিয়ার এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এয়ারবাস এ৩২১ বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে। বর্তমানে ডেনভার পুলিশ বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
ওই ব্যক্তি বিমানবন্দরের কর্মী ছিলেন কি না বা কীভাবে তিনি কড়া নিরাপত্তা পেরিয়ে রানওয়েতে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখতে বিমানবন্দরের সীমানা প্রাচীর পরীক্ষা করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র: দ্য সান