টাঙ্গাইলের কালিহাতীতে ঈদুল ফিতরের জামাত আয়োজনের অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা কমিটিকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজন এবং নামাজ উপলক্ষে সংগৃহীত অর্থের হিসাব নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে ঈদের জামাত শেষে সেই পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দেয়। প্রথমে কথা কাটাকাটি হলেও দ্রুতই তা সংঘর্ষে মোড় নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ধস্তাধস্তির একপর্যায়ে কয়েকজন পুকুরে পড়ে যান। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: নিউজ২৪