শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১২:৫৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য। শেষ পর্যন্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রমতে, জ্বালানি সাশ্রয় ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ই মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্র: মানবজমিন

ক্যাম্পাস ফাঁকা হয়ে যাওয়ার সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। ঈদের ছুটি শুরু হলেও বাড়ি ফেরেননি লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা (২৫)। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবারের অগোচরে গোপনে বিয়ে করেছিলেন তিনি। দৈনিক মানবজমিনের হাতে আসা নথিপত্রে দেখা যায়, কুমিল্লার একটি নোটারি পাবলিক হলফনামা ও কাজী অফিসের মাধ্যমে ২০২৪ সালের ২৪শে জুলাই ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স পড়ুয়া ফাহিম আল হাসানের সঙ্গে তার বিয়ে হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী হয়েও শারমিন জাহান স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বটতলা বাজার রোডের ইসলামনগর এলাকায় জনৈক মো. আব্দুল্লাহ সোরওয়ার্দীর বাড়িতে ভাড়া থাকতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতাল থেকে তার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘিরে তাৎক্ষণিকভাবে সন্দেহের তীর যায় তার স্বামী ফাহিম আল হাসানের দিকে এবং তাকে আটক করে পুলিশ। নিহত শারমিন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম আল হাসান পুলিশকে জানান, রোববার সকালে স্বামী-স্ত্রীর একসঙ্গে ঢাকায় গিয়ে একটি মোবাইল ফোন কেনার কথা ছিল।

কিন্তু শারমিন অসুস্থ (লো ব্লাড প্রেসার) অনুভব করায় তিনি একাই ঢাকায় যান। ঢাকা থেকে তিনি শারমিনকে একাধিকবার মেসেজ পাঠালেও কোনো উত্তর পাননি। এদিকে শারমিনের মা ফোনে মেয়েকে না পেয়ে ফাহিমকে কল করেন। পরে দুপুর ২টা থেকে ৩টার দিকে বাসায় ফিরে ফাহিম দেখতে পান ঘরের সামনের দরজা বাইরে থেকে বন্ধ। বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বাড়িওয়ালার উপস্থিতিতে তার পরামর্শে পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন তিনি। ভেতরে ঢুকে মেঝেতে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থায় শারমিনকে পড়ে থাকতে দেখেন।

পরে স্বামী ও বাড়িওয়ালার সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ঘটনার বর্ণনায় অসঙ্গতি এবং একাধিক প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় ধীরে ধীরে সন্দেহ ঘনীভূত হতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামনে আসে স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপড়েনের কথাও। সূত্র জানায়, পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহকে কেন্দ্র করে দু’জনের মধ্যে প্রায়ই তর্ক-বিতর্ক হতো।

এমনই এক পরিস্থিতিতে তুমুল বাকবিতণ্ডার জেরে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা। ফাহিম আল হাসান দাবি করেন, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা একটি লাগেজ গুছিয়ে রেখেছিলেন, যা ঘরের ভেতর এলোমেলো অবস্থায় পড়ে ছিল। এ ছাড়া ঘটনার পর থেকে শারমিনের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ডাকাতির ছদ্মবেশ-তা নিয়েও তৈরি হয় নতুন প্রশ্ন।

পরে ফাহিমের বক্তব্যে অসংলগ্নতা ও সন্দেহজনক দিক লক্ষ্য করলে ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, শারমিনের মাথার ডান পাশে প্রায় ৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৫ ইঞ্চি প্রস্থের গভীর রক্তাক্ত কাটা জখম রয়েছে, যেখানে মাথার হাড় দেখা যায়। কপালের চুলের গোড়ায় তিনটি রক্তাক্ত ক্ষতচিহ্ন রয়েছে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। বুকের ডানপাশে নখের আঁচড়ের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। বাম হাত ও বাম পায়ে ব্লেডের পুরনো কাটা দাগের চিহ্নও পাওয়া গেছে।

ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাভার মডেল থানার এসআই মো. মোতাছিম বিল্লাহ জানান, নিহতের স্বামী ফাহিম আল হাসান, তার বন্ধু মো. রাকিব, বাড়িওয়ালা মো. আব্দুল্লাহ সোরওয়ার্দী এবং তার ছেলে মো. সামিউ সোরওয়ার্দীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ সৃষ্টি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফাহিমকে আটক করা হয় এবং পরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহীদুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ফাহিম আল হাসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফাহিম আল হাসানের শরীরের বিভিন্নস্থানে নখের আঁচড়, দাঁতের কামড়ের কাটা দাগ রয়েছে, এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। গ্রেপ্তার ফাহিম আল হাসান (২২) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার খুরইল কৃষ্ণপুর গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স পড়ুয়া শিক্ষার্থী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়