জামাল হোসেন খোকন, (জীবননগর)চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বদিনাথপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে তিন তরুণ গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই জীবননগরের মারুফদাহ গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন— আনোয়ার হোসেনের ছেলে রাতুল (২১), কালু হোসেনের ছেলে আলামিন (১৯) ও দিপু হোসেনের ছেলে জিহাদ (১৮)। তারা মোটরসাইকেলে করে জীবননগর যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর থেকে আসা একটি ট্রাক ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। আহতদের মধ্যে রাতুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নিয়েছে। ট্রাকচালকের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকায় বলে জানা গেছে।