মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে ককটেল শুকানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান। আহতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া-ঝুরিপাড়া এলাকার আব্দুল মেম্বারের ছেলে মো. জসিম উদ্দিন এবং গনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আলী।
স্থানীয়রা জানান, ইসলামপুরে একটি আম বাগানে ককটেল শুকানোর সময় কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে জসিম ও মাসুম নামে দুইজন আহত হয়। পরে তারা গোপনে রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘ইসলামপুরে একটি আমবাগানে ককটেল শুকনোর সময় বিস্ফোরণের দুজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। আম গাছের কয়েকটি ডাল ঝলছে গেছে, মাটিতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে।
যদিও এসব আলামত লোপাটে চেষ্টা করা হয়েছে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচলনা করছে। আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।