স্পোর্টস ডেস্ক : কাউন্টি অভিষেকে প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। তবে দ্বিতীয় ইনিংসে টাইগার এ পেসার ধরা দিলেন আরও ভয়ংকর রুপে। শিকার করেছেন ৬৯ রানে ৬ উইকেট। কেন্টের জয় ১৪০ রানে।
ল্যাঙ্কাশায়ারকে ৪২৪ রানের লক্ষ্য দেয় কেন্ট। জবাবে ব্যাট করতে নেমে ২৮৩ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার।
তৃতীয় বোলার হিসেবে হাসানকে আক্রমণে আনে কেন্ট। এসেই আস্থার প্রতিদান দেন টাইগার এই পেসার। ফেরান হ্যারি সিংকে। এরপর ২৬ রান করা জন বোহাননকে ধরান প্যাভিলিয়নের পথ।
দ্রুত ২ উইকেট হারানোর পর মার্কাস হ্যারিসের সাথে জুটি গড়েন কিটন জেনিংস। জুটি ভাঙতে আবারও দৃশ্যপটে হাজির হাসান। ৬১ রান করা জেনিংসকে ফিরিয়ে ভাঙেন ১০৪ রানের জুটি। বেন ম্যাকডারমট ফেরেন রান আউট হয়ে। দারুণ ব্যাটিং করতে থাকা লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করেন হাসান। একই ওভারে মুরসকেও ধরান প্যাভিলিয়নের পথ। জর্জ বেলডারসনকে ফিঞ্চের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান।
বাংলাদেশের এই পেসারের সামনে সুযোগ ছিল দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকারের। তবে ৯ উইকেটে থামেন হাসান।