স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এবং জিদানের মধ্যে ইতোমধ্যেই মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।
দিদিয়ের দেশমের বিদায় অনেকদিন ধরেই প্রায় নিশ্চিত ছিল। ২০১২ সালে দায়িত্ব নেয়ার পর ফ্রান্সকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যান তিনি। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন এই অভিজ্ঞ কোচ। -- সময়নিউজ
অন্যদিকে, ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক জিদান অনেকদিন ধরেই এই পদের জন্য অপেক্ষা করে ছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোনো দায়িত্ব নেননি তিনি।
৫৩ বছর বয়সি জিদানের জন্য ফ্রান্স দলের কোচ হওয়া যেন অনেকটা সময়ের অপেক্ষাই ছিল। দেশের ফুটবলের সঙ্গে তার গভীর সম্পর্ক এবং কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে অসাধারণ সাফল্য তাকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।