স্পোর্টস ডেস্ক : চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফল যাই হোক, টুর্নামেন্ট শেষে দলটিতে বড় পরিবর্তন আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগার ভবিষ্যৎ প্রায় নিশ্চিতভাবেই শেষের পথে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে এই খবর। যেখানে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন।
সূত্রের ভাষ্য, নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের ঘনিষ্ঠদের কাছ থেকে বিশ্বকাপে ভালো করার নিশ্চয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু মাঠের ফলাফলে সেই আস্থার প্রতিফলন মেলেনি।
ফলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন নাকভি- বিশ্বকাপ শেষে সালমান আগাকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরানো হবে। একই সঙ্গে প্রধান কোচ মাইক হেসন ও নির্বাচকদের সঙ্গে বসে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও খোলামেলা আলোচনা করবেন তিনি।
সালমান ছাড়াও বাবর আজম, উসমান খানসহ আরও কয়েকজনের টি-টোয়েন্টি ক্যারিয়ারে পর্দা নামতে পারে এই বিশ্বকাপের পর। ১৪৫টি টি-টোয়েন্টি খেলা বাবর হয়তো জাতীয় দলের হয়ে এই সংস্করণে শেষ ম্যাচ খেলেই ফেলেছেন। কারণ শ্রীলঙ্কার বিপক্ষেও একাদশে জায়গা হয়নি তার।
নেতৃত্বে পরিবর্তনের ক্ষেত্রে নতুন অধিনায়ক হিসেবে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
বিশ্বকাপ শুরুর আগেই কোচ হেসন বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছিলেন, আধুনিক টি-টোয়েন্টির চাহিদা মেটাতে হলে তরুণদের গড়ে তোলার বিকল্প নেই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই টুর্নামেন্টের পর দল পুনর্গঠনের পথে হাঁটতে পারে পাকিস্তান।
সব মিলিয়ে, বিশ্বকাপ শেষেই পাকিস্তানের টি–টোয়েন্টি সেটআপে বড় রদবদলের আভাস স্পষ্ট। ফল যাই হোক, সামনে যেন নতুন অধ্যায়ের অপেক্ষা।