অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা দিয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের একদল অনুসারী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে তারা এই অভিযোগ দাখিল করেন।
প্রত্যক্ষদর্শী ও দুদক সূত্র জানায়, এদিন দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ করেই দুদক কার্যালয়ের সামনে জড়ো হয়ে সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবলিত একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান।
এ সময় সেখানে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটে। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ শেষ পর্যন্ত অভিযোগটি গ্রহণ করতে বাধ্য হয়।
দুদকের একজন কর্মকর্তা জানান, একদল উশৃঙ্খল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল সৃষ্টি করে কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বেনামে দায়ের করা ওই অভিযোগটি গ্রহণ করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুদক সূত্রে আরও জানা যায়, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। এই অভিযোগটির ক্ষেত্রেও সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা না পাওয়া গেলে তা বিধি মোতাবেক বাতিল করা হবে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেই কেবল পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।