স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেডট। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড।
লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর, ব্রায়ান এমবুমোর গোলে সমতায় ফেরে সফরকারীরা। বিরতির পর প্যাট্রিক ডগুর গোলে এগিয়েও যায় তারা।
শেষ দিকে মিকেল মেরিনোর গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আর্সেনাল; কিন্তু দারুণ নৈপুণ্যে তাদের সেই আশা গুঁড়িয়ে দেন মাথেউস কুইয়া।
নতুন বছরে এই প্রথম আর চলতি মৌসুমে তৃতীয় হারের তেতো স্বাদ পেল আর্সেনাল এবং তিনটি পরাজয়ই এলো প্রিমিয়ার লিগে। অন্যান্য প্রতিযোগিতায় জয়ের ধারায় থাকলেও, প্রিমিয়ার লিগে কিছুদিন ধরেই ভুগছিল মিকেল আর্তেতার দল। লিগে আগের দুই রাউন্ডেই গোলশূন্য ড্র করে দলটি। এবার জালের দেখা পেলেও, পথ হারিয়ে হেরে বসল তারা।
একই সঙ্গে হারাল দ্বিতীয় স্থান থেকে ব্যবধান ৭ পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫০।
সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে ও অ্যাস্টন ভিলা তিন নম্বরে আছে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা ইউনাইটেড নতুন কোচ মাইকেল ক্যারিকের ছোঁয়ায় যেন সঠিক পথ খুঁজে পেয়েছে। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পর, এবার তারা আরেক শিরোপাপ্রত্যাশীদের হারিয়ে দিল।
দারুণ এই জয়ে লিগ টেবিলেও উন্নতি হয়েছে ইউনাইটেডের। ১০ জয় ও ৮ ড্রয়ে ৩৮ পয়েন্ট চার নম্বরে উঠেছে তারা।