স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ অভিষেকে দুর্দান্ত বোলিং করলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এ লিগে প্রথমবার খেলতে নেমে টাইগার এ স্পিনার করেছেন কিপ্টে বোলিং। কোনো উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদের। তার আগে শুধুমাত্র খেলেছিলেন সাকিব আল হাসান।--- ডেইলি ক্রিকেট
গত আসরেও হোবার্ট হারিকেন্স রিশাদকে নিয়েছিল। কিন্তু বিসিবি থেকে এনওসি না পাওয়ায় টাইগার এ লেগি খেলতে পারেননি। তবে এবার রিশাদকে পুরো মৌসুমের জন্য এনওসি দিয়েছে বিসিবি। যার কারণে বিপিএলেও খেলবেন না তিনি।
সিডনি থান্ডারের বিপক্ষে পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম ওভারে টাইগার এ লেগ স্পিনার দেন মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারে আরও দুর্দান্ত ছিলেন রিশাদ। প্রতিপক্ষ ব্যাটাররা নিতে পারে শুধু ৪ রান। নিজের পরের ওভারে অবশ্য একটি বাউন্ডারি হজম করেছেন রিশাদ। তারপরও ৮ রানের বেশি খরচ করেননি।
রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছে সিডনি। তাদের হয়ে ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন ক্যামেরন ব্যানক্রফট। হোবার্টের জয়ের জন্য প্রয়োজন ১৮১ রান।