স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সঙ্গীত শিল্পি আসিফ আকবর কিছুদিন আগে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছিলেন। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরিচালকের ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ জানান তাবিথ আউয়াল। পরে বিসিবির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠিও দিয়েছিলেন তিনি। চারদিন পর গতকাল তাবিথের চিঠির জবাব দিয়েছে বিসিবি।
বাফুফে বিসিবির চিঠি পেয়েছে। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থাকে পাঠানো চিঠিতে আসিফের বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।
আসিফের বক্তব্যকে তার ব্যক্তিগত হিসেবে দেখছে বিসিবি। এর দায় তারা নেবে না বলে চিঠিতে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই বিষয়টি স্পষ্ট করে তিনি চিঠিতে লিখেছেন, ‘কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।
ক্রিকেট কনফারেন্সে ফুটবলারদের নিয়ে মন্তব্য করায় প্রতিবাদ জানায় সাবেক ফুটবলাররা। এমনকি জাতীয় দলের তারকা ফুটবলার পর্যন্ত প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, আসিফকে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন তারা। তবে তাতে কর্ণপাত করেননি আসিফ। তিনি অটল আছেন তার কথাতেই।
তবে আসিফের বক্তবে কারো যদি মনে আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য ক্ষমা চেয়েছেন বুলবুল। বাফুফে সভাপতিকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।