স্পোর্টস ডেস্ক :এএফসি এশিয়ান কাপের মূলপর্বে যেতে চাইনিজ তাইপের দরকার ছিল স্রেফ এক পয়েন্ট। টিকিট নিশ্চিতে বাংলাদেশের লক্ষ্য ছিল জয়; শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে সেই চ্যালেঞ্জ নিতে পারেননি অর্পিতা বিশ্বাসরা। বাছাইয়ের শেষ ম্যাচে হেরে বিদায় নিল কোচ সাইফুল বারী টিটুর দল।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় শুক্রবার রাতে জর্ডানের আকাবা স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে মোকাবিলা করে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা দলটির কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশের কিশোরীরা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও তিন গোল দেয় চাইনিজ তাইপে।
এদিন চতুর্থ মিনিটে রক্ষনচেড়া পাসে বাংলাদেশের বিপদসমীয় ঢুকে পড়েন প্রতিপক্ষের এক খেলোয়াড়। তবে সুরভি রানীর দারুণ ট্যাকলে বিপদ হয়নি। কর্নার পায় চাইনিজ তাইপে। ওই কর্নারেই বিপদ ডেকে আনে মেয়েরা। বক্সে পেছন থেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের পায়ে মেরে বসেন ডিফেন্ডার সুরভী রানী। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন উ চাই জুয়াঙ। বলের লাইনে ঝাপিয়ে পড়েও আটকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী রায়। খেলার ষষ্ঠ মিনিটে ০-১ গোলে পিছিয়ে পড়ে লাল সবুজেরা।
এগিয়ে যাওয়ার পর বাংলাদেশকে আরও চেপে ধরে চাইনিজ তাইপের মেয়েরা। বাংলাদেশকে দেখা যায় কিছুটা ছন্ন ছাড়া। নিজেদের অর্ধে চাইনিজ তাইপে খেলোয়াড়দের বিচরণ অর্পিতাদের কিছুটা ভড়কে দেয়। ১৫ মিনিটের পর বা প্রান্ত দিয়ে একাধিকবার আক্রমণে ওঠেন মামনি চাকমা। এই উইঙ্গারের গতি এ সময় বেশ কয়েকবার পরীক্ষা নেয় প্রতিপক্ষের রক্ষণে। যদিও তার ক্রস কিংবা পাসগুলো বেশিরভাগ সময় খুজে পায়নি ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে।
২৮ মিনিটে গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। ডান দিকে আনমার্ক থাকা চাইনিজ তাইপের চঙ উ শিন বল পেয়ে যান। বক্সে ঢুকে দুরুহ কোন থেকে এই ফরোয়ার্ড শট নেন পোস্টে; এ যাত্রায় বাংলাদেশ বেচে যায় গোলকিপার মেঘলা রানীর পায়ে বল লেগে ফিরে আসায়। পরে ওয়াঙ উ শিনের ফিরতি শট সহজেই তালুবন্দি করেন বাংলাদেশ গোলকিপার।
৩৪ মিনিটে লিড দ্বিগুণ করে চাইনিজ তাইপে। প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া ফ্রি কিক শটে গোলমুখের সামনে জালে প্লেসিং করেন চুঙ উন চেইন।
৩৬ মিনিটে বা প্রান্ত দিয়ে মামনি চাকমার জোড়া রান। দ্বিতীয়বার ক্রস থেকে জালে বল ঠেলেন প্রীতি। তবে অফসাইডের কারণে গোল পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত জোড়া গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সাইফুল বারী টিটুর দল।
৬৬ মিনিটে ওয়াং ই-আইয়ের প্লেসিং শট জালে জড়ালে বাংলাদেশের ফেরার সম্ভাবনা ফিঁকে হয়ে যায় আরও। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলকিপার মেঘলা রানীর ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। পরের মিনিটে পঞ্চমবারের মতো বাংলাদেশের জাল কাঁপায় প্রতিপক্ষ চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে টিটুর শিষ্যরা।