শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদো শহরের দামাই বৃদ্ধাশ্রমে রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। শহরটির ফায়ার অ্যান্ড রেস্কিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের বেশিরভাগকেই তাদের নিজ নিজ কক্ষের ভেতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতে যখন আগুন লাগে তখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন বা বিশ্রাম নিচ্ছিলেন।

বৃদ্ধাশ্রমের পাশেই বসবাস করেন স্টিভেন মোকোদম্পিত। তিনি স্থানীয় সংবাদমাধ্যম ডেটিককম-কে জানান, রাত ৮টার দিকে যখন তিনি সেখানে পৌঁছান, তখন বৃদ্ধাশ্রমের রান্নাঘরে আগুন জ্বলছিল। তিনি বলেন, সে সময় আমরা বিকট বিস্ফোরণ ও মানুষের আর্তনাদ শুনতে পাই। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

স্টিভেন ও স্থানীয়রা মিলে টেবিল এবং মই ব্যবহার করে ভবনের পেছন দিক দিয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অনেকের মরদেহ এমনভাবে পুড়ে গেছে যে তা চেনার উপায় নেই। মরদেহগুলো শনাক্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের সেখানে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী জাকার্তায় একটি সাত তলা অফিস ভবনে আগুন লেগে ২২ জন প্রাণ হারিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়