নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে দুই বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) লালপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে শুক্রবার দুপুরে গ্রিনভ্যালি পার্কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার রাসেল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন। দুপুরের দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে প্রবেশ করলে ১০-১৫ জন টিকটকার তাদের ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং ভিডিও ধারণ করে। এ সময় কয়েকজন অশোভন আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান ও অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরদিন শনিবার সকালে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বিদেশি পর্যটকদের বিব্রত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়। এ ঘটনায় শনিবার (৯ মে) পার্কের ব্যবস্থাপক বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রিনভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা বলেন, গত আট বছরে এখানে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হবে এবং গেটে সতর্কতামূলক ঘোষণা দেয়া হবে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।