ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর শ্রীনাথপুর বিওপির টহল দল, হাবিলদার হেমায়েতের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে। আটক রোহিঙ্গা যুবক মো. আমির হুসাইন (২৩), পিতা কামাল হুসাইন। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি জানায়, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন,সে সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।