শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরকে ‘জিয়া স্থলবন্দর’ ঘোষণার দাবি

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরকে ‘জিয়া স্থলবন্দর’ নামে নামকরণ, একটি আধুনিক হাসপাতাল স্থাপন এবং মহাসড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি বিএনপি নেতা মফিজুর রহমান সজন।

বুধবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি এবং ১০ হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। এছাড়া চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে বছরে প্রায় ২০ থেকে ২২ লাখ পাসপোর্টধারী যাতায়াত করেন। আমদানি পণ্য থেকে সরকার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা এবং ভ্রমণ খাত থেকে প্রায় ১৫০ কোটি টাকা রাজস্ব আদায় করে। কিন্তু এ তুলনায় বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, আমদানিকৃত পণ্য দ্রুত ঢাকা ও অন্যান্য জেলায় পৌঁছাতে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ জরুরি। পাশাপাশি বন্দরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন এবং বেনাপোল স্থলবন্দরের নাম পরিবর্তন করে ‘জিয়া স্থলবন্দর’ রাখার দাবি জানান তিনি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বন্দরে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে নানা সমস্যা দেখা দিচ্ছে। যাত্রীদের জন্য পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা না থাকায় ভারতগামী পাসপোর্টধারীরা রোদ ও বৃষ্টিতে ভোগান্তির শিকার হন। জায়গার অভাবে অনেক পণ্য খোলা আকাশের নিচে রাখতে হয়। কেমিক্যাল শেড না থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে।

সম্প্রতি ৭ এপ্রিল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত হন। বন্দরে হাসপাতাল না থাকায় দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি; তাকে চিকিৎসার জন্য যশোর শহরে প্রায় ৪০ কিলোমিটার দূরে নিতে হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শার উলাশী খাল খনন করে সেচব্যবস্থার উন্নয়ন করেছিলেন। তার উত্তরসূরি তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে বেনাপোল স্থলবন্দর আধুনিকায়নেরও প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বেনাপোল বন্দরের উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মফিজুর রহমান সজন, যিনি এ বিষয়ে আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়