মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই একটি ট্রলি উল্টে গিয়ে আব্দুস সামাদ (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আপন ছোট ভাই সারোয়ার গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের মো: জালাল উদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, "হরিনগর এলাকায় ইটবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে চালক আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত সারোয়ারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।