সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যহৃত ১টি ট্রাক জব্দ করেছে। সোমবার বিকালে জেলার তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারনাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে মোঃ ছাইফুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ নয়ন আলি (৩৩)।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকাল ৪টার দিকে তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকায় হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজ এর সামনে মান্নান নগর হতে রানীর হাটগামী পাঁকা রাস্তার উপর র্যাব-১২ এক টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮শ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।