স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পর্ষদ এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার পথে। গত রোববারের নির্বাচনে চূড়ান্ত হওয়া পরিচালকদের নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন সভাপতি তামিম ইকবাল। সেই বৈঠকেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন সেরে ফেলা হয়েছে।
নির্বাচনে মোট ২৫ জন পরিচালক বিজয়ী হলেও একজন ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন। রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে কার্যকর পরিচালক সংখ্যা এখন ২৪ জন।
কমিটি বিন্যাসে সভাপতি তামিম নিজের হাতে রেখেছেন ফ্যাসিলিটিজ বিভাগ। অর্থ-সংক্রান্ত বিষয় দেখবেন ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে। গেম ডেভেলপমেন্টের হাল ধরবেন ফাহিম সিনহা। হাই পারফরম্যান্স ও গ্রাউন্ডস বিভাগ যাচ্ছে শাহনিয়ান তানিমের কাছে।
এর বাইরে মেডিকেল কমিটিতে মাহবুব শামীম, মিডিয়া ও যোগাযোগ বিভাগে আসিফ রব্বানী, অডিটে সাইদ বিন জামান সৌরভ, লজিস্টিকস ও প্রটোকলে ইয়াসির ফয়সাল, সিসিডিএমে মঈন উদ্দিন চৌধুরি এবং নারী বিভাগে রফিকুল ইসলাম বাবুকে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে ১ জন নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন আরও ২ জন।