স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল প্রতিযোগিতায় নামার আগে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা) শুরু হতে যাওয়া এই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ মিশর।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের সেরা সমন্বয় ও একাদশ চূড়ান্ত করতে এই ম্যাচটিকে পরখ করে দেখার শেষ সুযোগ হিসেবে নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে হান্টিংটন ফিল্ডে মিশরের বিপক্ষে যে দলটি মাঠে নামবে, বিশ্বকাপের অভিষেক ম্যাচে ঠিক সেই একই একাদশ নাও দেখা যেতে পারে; এখানে বেশ কিছু পরিবর্তনের আভাস রয়েছে।
পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের একাদশ থেকে চার-চারটি পরিবর্তন নিয়ে আজ মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ব্রেমারের জায়গায় ডিফেন্স সামলাবেন মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রোর বদলে ফুল-ব্যাক পজিশনে দেখা যাবে ডগলাস সান্তোসকে। মাঝমাঠে ম্যাথেউস কুনিয়ার জায়গায় আসছেন পাকেতা, আর আক্রমণভাগে লুইজ হেনরিকের পজিশনে ফরোয়ার্ড হিসেবে খেলবেন ইগোর থিয়াগো। -- টি স্পোর্টস
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা থাকলেও, শারীরিক ক্লান্তি ও ধকল এড়াতে গ্যাব্রিয়েল মাগালেসকে বিশ্রামে রাখছেন কোচ। তবে এই ডিফেন্ডারের চোট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
মিশরের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছিলেন, ম্যাচের বিভিন্ন সময়ে তিনি একগাদা পরিবর্তন আনবেন। যার অংশ হিসেবে ম্যাচের দ্বিতীয় ভাগে গোলপোস্টের নিচে সুযোগ পাবেন গোলকিপার ওয়েভারতন।