স্পোর্টস ডেস্ক : চেলসি গোল পরিশোধে মরিয়া হয়ে খেললেও কোন ফায়দা হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হলো। প্রথমার্ধে ভীষণ সাদামাটা পারফরম্যান্সের মাঝে লক্ষ্যে একটি মাত্র শট নিতে পারল ম্যানচেস্টার ইউনাইটেড। তাতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত গোল। আর ওই এক শটেই চেলসিকে হারিয়ে দিল মাইকেল ক্যারিকের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে ম্যাচটি ১-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের টেবিলে তৃতীয় স্থান মজবুত করেছে ইউনাইটেড। জয়সূচক গোলটি করেছেন মাথেউস কুইয়া।
ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য করে চেলসি, যদিও তাদের আক্রমণগুলোর খুব বেশি ভীতি ছড়াতে পারেনি। গোলের জন্য ২১টি শট নিয়ে কেবল তিনটিই লক্ষ্যে রাখতে পারে তারা। আর ইউনাইটেডের চার শটের ওই একটিই লক্ষ্যে ছিল। গত সেপ্টেম্বরে চেলসির সঙ্গে আসরে প্রথম দেখায়ও জিতেছিল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
এবারের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বড় এক ধাপ এগিয়ে গেল ক্যারিকের দল। প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমে ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে পাঁচটি দল সুযোগ পাবে। সেখানে ৩৩ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড, ষষ্ঠ স্থান থেকে ১০ পয়েন্ট এগিয়ে।
ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে ৩২ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা। তাদের সমান ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লিভারপুল। আর এই হারে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় জোর ধাক্কা লাগল। ৩৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।