স্পোর্টস ডেস্ক : অসুস্থ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। জেলে প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো এ ক্রিকেটার। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে পুরো বিশ্বে।
সম্প্রতি ইমরানকে সুচিকিৎসা দিতে পাকিস্তান সরকারকে আহ্বান করেছিলেন ওয়াসিম আকরাম। এবার আন্তর্জাতিক ১৪ অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছেন। তাদের অনুরোধ—ইমরানকে যেন ‘ন্যূনতম মানবিক মর্যাদা ও সুচিকিৎসা’ দেওয়া হয়। --- ডেইলি ক্রিকেট
চিঠিতে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক।
চিঠিতে বলা হয়েছে, ‘তার স্বাস্থ্যের সাম্প্রতিক খবর, বিশেষ করে আটক অবস্থায় দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি এবং গত আড়াই বছরে তাঁর বন্দিজীবনের অবস্থা আমাদের গভীরভাবে চিন্তিত করেছে।’
শুধু ইমরানের সুচিকিৎসার দাবি নয়, সাবেক এ ক্রিকেটারের অবদানের কথাও তুলে ধরেছেন কপিল-গাভাস্কাররা। তারা লিখেছেন, খেলার প্রতি তাঁর অবদান বিশ্বজুড়ে সমাদৃত। অধিনায়ক হিসেবে তিনি ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই জয় ছিল দক্ষতা, নেতৃত্ব, ধৈর্য ও ক্রীড়াসুলভ মানসিকতার অনন্য উদাহরণ, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
চিঠিতে আরও বলা হয়, ‘আমাদের অনেকেই তার বিপক্ষে খেলেছি, তার সঙ্গে মাঠ ভাগ করেছি, আবার কেউ কেউ তার অলরাউন্ড নৈপুণ্য, ব্যক্তিত্ব আর প্রতিযোগিতামূলক মানসিকতায় মুগ্ধ হয়ে বড় হয়েছি। তিনি খেলাটির দেখা সেরা অলরাউন্ডার ও অধিনায়কদের একজন। খেলোয়াড়, দর্শক ও প্রশাসকদের কাছ থেকে সমান শ্রদ্ধা পেয়েছেন।’
সম্প্রতি আদালত ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনা করছে। সেখানে বলা আছে, পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার ডান চোখে প্রায় ৮৫ শতাংশ দৃষ্টি হারিয়ে ফেলেছেন। আর মাত্র ১৫ শতাংশ দৃষ্টি আছে। আদালত যত দ্রুত সম্ভব তার পূর্ণ মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন।