স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বমঞ্চে। যদিও শুরুটা ভালো হয়নি ইতালির। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে দুর্দান্ত জয় পেয়েছে তারা।
আগে ব্যাট করতে ইতালির বোলারদের তোপে ১২৩ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইতালি। বিশ্বমঞ্চে ইতালির এটি প্রথম জয়। --- ডেইলি ক্রিকেট
এদিন টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান ইতালির অধিনায়ক হ্যারি মানেটি। দ্বিতীয় ওভারেই সাফল্য পায় ইতালি। ১০ বলে ৫ রান করে ফেরেন কুশাল ভুরটেল। তিনে নামা রোহিত পৌডেলের সাথে ৪১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আসিফ শেখ। কিন্তু দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ২০ বলে ২০ রান করেছেন আসিফ, রোহিতের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান।
নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন আরিফ শেখ। ২৪ বলে খেলা ইনিংসটিতে ৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়াও ১১ বলে ১৮ রানের ক্যামিও খেলেছেন কারান কেসি।
ইতালির হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রিশান কালুগামাগে। ২ উইকেট নিতে বেন মানেটি খরচ করেছেন ৪ ওভারে মাত্র ৯ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাস্টিন মস্কা ও এন্থোনি মস্কা। নেপালের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তারা। দুজনেই ছিলেন বেশ আক্রমণাত্মক। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন জাস্টিন, ৩২ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন এন্থোনি।