স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই শুরু হচ্ছে বিপিএল। এবারের আসরকে কেন্দ্র করে একের পর এক চমক উপহার দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের মধ্যে অন্যতম রাজশাহী ওয়ারিয়র্স।
নিলাম ও আগে অনেক তারকা ক্রিকেটারকে দলে নিয়ে আলোচনায় আছে পদ্মা পাড়ের দলটি। এবার নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে দলে ভেড়ালো রাজশাহী। বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সরাসরি চুক্তিতে ইতোমধ্যে এক ঝাঁক বিদেশি তারকা দলে টেনেছে তারা। সাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ নেওয়াজ, জিমি নিশাম, হুসাইন তালাতরা আছেন তাদের মধ্যে। এবার নতুন সংযোজন হিসেবে যুক্ত হলেন লামিচানে।
বিপিএলে এর আগেও খেলে গেছেন লামিচানে। ২০১৯ সালের আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ওই মৌসুমে ৬ ম্যাচে ৪ উইকেট নেন তিনি।
এর আগে নারী কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছিলেন লামিচানে। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরেছেন তিনি। সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে ১৭ উইকেট নিয়ে ছিলেন শীর্ষে।