স্পোর্টস ডেস্ক : ব্যাটারদের পুরোনো ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য পার হতে পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ সোমবার (২৭ অক্টো বর) বাংলাদেশ হেরেছে ১৬ রানে। সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ক্যারিবীয় ব্যাটাররাও খেলেছেন হাত খুলে। শুরুতে দেখেশুনে খেললেও শেষে ক্রিজে ঝড় তোলেন তারা। তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে তিন ছক্কাসহ রভম্যান পাওয়েল তুলে নেন ২২ রান। একই উইকেটে বাংলাদেশি ব্যাটাররা খাবি খেয়েছেন। ফলাফল, ম্যাচ হার।
সাকিবের করা সেই ওভারটিই কি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে? বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অবশ্য তা মানতে নারাজ। তার মতে, এগুলো ক্রিকেটে হয়ে থাকে। কোথায় ম্যাচ হেরেছে বাংলাদেশ, সেটিও জানালেন তিনি।
লিটন দাস বলেন, ‘আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো ব্যাটিং করেছে। আমরা যদি দ্রুত উইকেট নিতে পারতাম, তারা চাপে পড়ত। শেষ ওভারে যে-ই আসুক, প্রতিপক্ষ মারবে। এটা ক্রিকেটে হয়ে থাকে। আমার মনে হয়েছে আমরা ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে অনেক বেশি উইকেট হারিয়েছি। আপনাকে দায়িত্ব নিতে হবে। বোলাররা দারুণ করেছে পুরো ম্যাচে। আমরা আজকের ম্যাচের হার থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচে কাজে লাগাব।