স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা দলের পেসার মালকি মাদারা নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আইসিসির আচরণবিধি ভাঙায় তিরস্কৃত হয়েছে। এছাড়া তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই শাস্তির খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
ঘটনা গত সোমবারের ম্যাচের। মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে রান আউট হন ফারজানা হক পিঙ্কি। তখন অভিজ্ঞ ব্যাটারের খুব কাছে গিয়ে আগ্রাসী উদযাপন করেন মালকি।
যা কিনা আইসিসি বিধিমালা অনুযায়ী, ২.৫ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় মালকিকে।
নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন মালকি। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।