স্পোর্টস ডেস্ক : ১২টি দেশের ৭৫ জন তরুণ খেলোয়াড়ের সাত দিনের দুর্দান্ত লড়াই শেষে আজ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পর্দা নামলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বালক এককে থাইল্যান্ডের আরিয়াফল লিকুল এবং বালিকা এককে ভারতের সানমিথা হারিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
বালক এককের ফাইনালে টুর্নামেন্টের র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় চীনের চুয়ান ডিংকে ৬-৪, ৬-৩ গেমে সরাসরি সেটে হারান থাইল্যান্ডের আরিয়াফল লিকুল। সেমিফাইনালে চুয়ান ভারতের তেজাস রাভিকে এবং আরিয়াফল বাংলাদেশের জারিফ আবরারকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নেমেছিলেন।
অন্যদিকে, বালিকা এককের ফাইনালে ভারতের সানমিথা হারিনির প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের তারিতা হংসইয়ক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সানমিথা ৬-৪, ৬-২ গেমে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হন। সেমিফাইনালে তারিতা কোরিয়ার হেইজু কনকে এবং সানমিথা মালদ্বীপের আসাল আজিমের বিপক্ষে জয় পেয়েছিলেন।
এর আগে, বৃহস্পতিবার বালক দ্বৈতে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি এবং বালিকা দ্বৈতে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার।