শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মব সহিংসতার’ ঘটনাগুলো খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাম্প্রতিক ‘মব সহিংসতার’ ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, চোর বা ডাকাত হাতেনাতে ধরা পড়লেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও তিনি স্পষ্ট করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, প্রশাসনিক কিছু ব্যর্থতা থাকতে পারে এবং সেগুলোও পর্যালোচনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। ইতোমধ্যে একটি ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মব সহিংসতার প্রবণতা হঠাৎ করে তৈরি হয়নি, অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের কিছু ঘটনায় প্রশ্রয় দেওয়া হয়েছিল বলে ধারণা তৈরি হয়েছে। ফলে সমাজে একটি মানসিকতা গড়ে উঠেছে যে, জনগণ চাইলে নিজেরাই শাস্তি দিতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

মব সাধারণত স্বতঃস্ফূর্ত ও অসংগঠিত প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে লোক জড়ো করে হামলা বা অবরোধ তৈরির প্রবণতা দেখা যাচ্ছে, যা প্রকৃতপক্ষে ‘মব’ নয়, বরং সংগঠিত অপরাধ। এ ধরনের পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অন্তর্বর্তী সরকারের সময়ে মব তৈরি করে সংঘটিত সহিংস ঘটনাগুলো নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মব নিয়ে আমরা একটি নতুন প্রবণতা দেখছি। বার বার বলা হচ্ছে, আপনি পরিকল্পনা করছেন, পত্রিকা অফিস ঘিরে ফেলুন, কারও বাসা ঘিরে ফেলুন, এগুলো এক ধরনের পরিকল্পিত কর্মকাণ্ড। 

কুষ্টিয়ার ঘটনাটিও পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হয় না। আজ থেকে ১৫ বা ৩০ বছর পরেও এসব অপরাধ বিচারযোগ্য থাকে। কোন ঘটনাকে কীভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে সমাজে কিছু বিতর্ক রয়েছে। কিছু ঘটনায় মতভেদ থাকলেও, কিছু ঘটনায় কোনো বিতর্ক নেই।

তিনি আরও বলেন, আমরা যদি মব সহিংসতার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে চাই, তবে অন্তর্বর্তী সরকারের সময়ে মবের নামে বা পরিকল্পিতভাবে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোও খতিয়ে দেখতে হবে। যেসব বিষয়ে সমাজে ঐকমত্য রয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এক নারী কর্মীর গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট পোস্টে কিছু বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছিল। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আরও সতর্কতা ও সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন বলে স্বীকার করেন তিনি। এজন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গ্রেপ্তারের আগে বিষয়টি যথাযথভাবে যাচাই করা যায়।

তিনি বলেন, অনেক সময় মানুষ না জেনেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। তাই জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে হেইট স্পিচ ও অপপ্রচারের বিরুদ্ধেও সরকার কাজ করবে।

সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে। ইতোমধ্যে প্রথম মাসের কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং প্রতি তিন মাস অন্তর অগ্রগতি জানানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তদারকি করছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মিসইনফরমেশন ও হেইট স্পিচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যখাতসহ গত ১৮ মাসে দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়গুলোও তদন্তের আওতায় আনা হতে পারে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়