মনিরুল ইসলাম: তুরস্কে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ দূতাবাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে।” তিনি আরও বলেন, দেশের পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরাও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “যে লক্ষ্য নিয়ে আমাদের এই পথচলা, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে তা পূর্ণতা পাবে। ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলবো।”
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইস্তাম্বুলের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন তুরস্ক সরকারের আমন্ত্রণে কৌশলগত গণযোগাযোগ বিষয়ক দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইস্তাম্বুলে অবস্থান করছেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রীকে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেল থেকে বিকেলে এ তথ্য জানানো হয়।