শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিঙ্গারপ্রিন্ট না মেলায় বিপাকে নাগরিকরা, এনওসি ও নতুন ছাপ গ্রহণে ব্যস্ত নির্বাচন কমিশন

সহযোগীদের খবর: ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ না মিললে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ পরিস্থিতিতে নাগরিকেরা নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হচ্ছেন। কেউ কেউ ইসিতে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই সমস্যার সমাধান করছেন। যাঁদের ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবেই আর নেওয়া যাচ্ছে না, তাঁদের ইসি থেকে প্রত্যয়নপত্র বা এনওসি দেওয়া হয়। যা দেখিয়ে তাঁরা কাঙ্ক্ষিত সেবা নিতে পারেন। সূত্র: আজকের পত্রিকা

জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশবাসী মোবাইল ফোনের সিম কেনা, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স করা ও বিদেশে যাতায়াত করতে পারেন। কিন্তু ইসির সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট আপলোড না হওয়ায় অনেককে সমস্যায় পড়তে হচ্ছে। এ ছাড়া বয়স বৃদ্ধি, রোগাক্রান্ত হওয়া ও হাত দিয়ে ভারী কাজ করেন—এমন পেশার লোকেরা ফিঙ্গারপ্রিন্ট না মেলার সংকটের মুখোমুখি হচ্ছেন।

ইসির কর্মকর্তা সূত্রে জানা গেছে, ফিঙ্গারপ্রিন্ট সমস্যা নিয়ে প্রতিদিন কেউ না কেউ ইসিতে আসছেন। এদের বেশির ভাগ বয়স্ক। তবে এ সংকটে পড়া তরুণের সংখ্যাও কম নয়।

সম্প্রতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় প্রত্যয়নপত্র নিতে গুলশান এলাকা থেকে আসা বিলকিস আরার সঙ্গে। ষাটোর্ধ্ব বিলকিস আরা বলেন, ‘মোবাইল ফোনের সিম কিনতে গেলে দোকানি বলেন, হাতের আঙুলের ছাপ মিলছে না। তারপর অনেক প্রক্রিয়া। নির্বাচন কমিশনে এসে আবার আঙুলের ছাপ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু মেশিনে ছাপ নেয়নি। তাই প্রত্যয়নপত্র নিতে এসেছি। যেহেতু আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে না। তাই এটি দিয়েই এখন কাজ করতে হবে।’

সম্প্রতি একই ধরনের সেবা নিতে ইসিতে আসেন ফরিদপুরের আশিকুজ্জামান (৩৭)। তিনিও মোবাইল ফোনের সিম কিনতে গিয়ে জানতে পারেন তাঁর আঙুলের ছাপ কাজ করছে না। পরে তিনি নির্বাচন কমিশনে যোগাযোগ করে নতুন করে আঙুলের ছাপ দেন। পুনরায় আঙুলের ছাপ দিতে বেগ পেতে হয়েছে জানিয়ে আশিকুজ্জামান বলেন, হাত ধুয়ে, স্যানিটাইজ করে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে পুনরায় আঙুলের ছাপ দিতে।

সম্প্রতি ইসি থেকে প্রত্যয়নপত্র নেন প্রায় ৮৫ বছর বয়সী হামিদা নুর চৌধুরী। ইসি থেকে তাঁকে দেওয়া প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, চর্মরোগ ও বয়স বৃদ্ধিজনিত কারণে আঙুলের ছাপ নিম্নমানের। তাই একাধিকবার চেষ্টা করেও তাঁর আঙুলের ছাপ আপডেট করা সম্ভব হয়নি। ডেটাবেইসে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি নম্বরটি সঠিক এবং সচল রয়েছে।

ইসির সংশ্লিষ্ট সূত্র জানান, পুনরায় ফিঙ্গারপ্রিন্ট না নিতে পারায় ইসি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত কমবেশি ৮০০ জনকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বৈধ ও সঠিকতা যাচাইকরণ শাখা থেকে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়। এই সময়ে আগারগাঁও নির্বাচন ভবনে এসে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়েছেন কমবেশি ১১ হাজার ৭০০ জন।

আঙুলের ছাপ না মেলার কারণে অনেকের সেবা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকা'কে বলেন, কারও আঙুলের ছাপ না মিললে তাঁকে পুনরায় তা দিতে হবে। কোনো কারণে যদি তাঁর আঙুলের ছাপ না নেওয়া যায়, তখন তাঁকে প্রত্যয়নপত্র দেওয়া হয়। যাতে তিনি এ-সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত না হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়