শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ কেজি হেরোইন জব্দ: দুই দিন পর জানা গেল গ্রেপ্তার ব্যক্তি ডিবির কনস্টেবল

ছিল নিয়মিত মাদকবিরোধী অভিযান। কিন্তু সেই অভিযান থেকেই শেষ পর্যন্ত জব্দ হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ হেরোইনের চালান।

গত মঙ্গলবার বিকেলে গোয়েন্দা পুলিশের এ অভিযানে শুধু ৮ কেজি হেরোইন জব্দ করা হয়নি, সেখান থেকে গ্রেপ্তার হন ডিবিতেই কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলমও (৩৫)। সঙ্গে গ্রেপ্তার হন তার সহযোগী সালমান হোসেন (২১)।

রমনা এলাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান চালায় ডিবি।

এ ঘটনায় গতকাল বুধবার ডিবি প্রধান শফিকুল ইসলাম একটি সংবাদ সম্মেলন করলেও সেখানে জাহাঙ্গীরের পুলিশ সদস্য পরিচয়ের বিষয়টি প্রকাশ করা হয়নি।

এমনকি ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য উল্লেখ করা হয়নি।

এ ঘটনায় বুধবার রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন ডিবির খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক ফারুক হোসেন।

কিন্তু, মামলার এজাহারেও জাহাঙ্গীরের পেশার কথা গোপন রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের (ডিবি) এক ডেপুটি কমিশনার ও এক অতিরিক্ত উপকমিশনারও জাহাঙ্গীরের পেশার বিষয়টি স্পষ্ট করেননি।

ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (খিলগাঁও জোন) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি তদন্তাধীন। তাই এর বাইরে আমরা কিছু বলতে পারব না।'

জানতে চাইলে বুধবার করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোসাদ্দেক হোসেন গ্রেপ্তার জাহাঙ্গীরের পরিচয় নিশ্চিত করেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তার জাহাঙ্গীর ডিবিতে কর্মরত কনস্টেবল। তিনিসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।'

পুলিশ জানায়, গ্রেপ্তার কনস্টেবল জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে ও সালমানের বাসা রাজধানীর মতিঝিলে।

মামলার নথি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রমনা এলাকায় সচিবালয় কোয়ার্টারের পাশে অভিযান চালানোর সময় ৭-৮ জনের একটি দল পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর ও সালমান ধরা পড়েন। এ সময় তাদের কাছ থেকে হেরোইনের প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটের ওপর কালো মার্কার দিয়ে 'কেকেকে' লেখা ছিল।

এজাহারে বলা হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা হেরোইনের কারবার করে আসছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তকারীরা চক্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। এত বড় চালান কোথা থেকে সরবরাহ হলো, কারা করল, কীভাবে এটি দেশে ঢুকল এবং কার ছত্রচ্ছায়ায় এই কারবার চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারবারের অর্থ লেনদেনের পথ এবং চোরাকারবারের রুট নিয়েও তদন্ত চলছে।

ডিবির তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা তাদের অন্য সহযোগীদের নামও প্রকাশ করেছেন, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পলাতক আসামিরা হলেন তুষার আবদুল্লাহ (২৬), বাপ্পি (২৮) ও মানিক (২৬)। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়