শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে লাল গালিচায় রাজকীয় বিদায়

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির মহিষটি নিতে খামারে এলে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই বিদায়ী অনুষ্ঠানের। এসময় ফার্মজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

খামার সূত্রে জানা যায়, দুপুর থেকেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করেন খামারিরা। গোসল করিয়ে বিশেষভাবে সাজানো হয় মহিষটিকে। পরে রাজকীয় পোশাক পরিয়ে রঙিন কালার স্মোকের মধ্যে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয় ভাইরাল এই মহিষকে।

এসময় উপস্থিত খামারের মালিকপক্ষ, কর্মচারী ও দর্শনার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিজেদের এলাকায় নিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা সামির ও তার সঙ্গে আসা স্বজনরা।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এলভিনো জাতের মহিষটির চুল ও চোখের গঠন অনেকটাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump–এর সঙ্গে মিল থাকায় তার ছোট ভাই মজা করেই নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।

তিনি বলেন, কোরবানির পশুর নামকরণ নতুন কিছু নয়। প্রতিবছরই খামারিরা ক্রেতাদের আকৃষ্ট করতে পশুর নানা নাম রাখেন। কখনও চলচ্চিত্র তারকার নামে, কখনও রাজনৈতিক নেতার নামে, কখনও আবার ভাইরাল কোনো চরিত্রের নামে। তবে এবারের ঈদে নারায়ণগঞ্জে ডোনাল্ড ট্রাম্প যেন অন্য সবার চেয়ে বেশি আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, পশুর নামকরণ এখন শুধু বাণিজ্যিক কৌশল নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক প্রবণতায় পরিণত হয়েছে। ব্যতিক্রমী নাম মানুষকে সহজেই আকৃষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে একটি মজার নাম মুহূর্তেই ভাইরাল হতে পারে। আমরা আসলে মজা করেই নামটা রেখেছিলাম। পরে দেখি মানুষ এটাকে খুব পছন্দ করছে। এখন তো অনেকেই খামারের নাম না জানলেও ‘ডোনাল্ড ট্রাম্পের খামার’ বললেই চিনে ফেলে।

খামারের কর্মচারীরা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ শুধু মহিষটিকে একনজর দেখতে খামারে আসতেন। কেউ এসে প্রথমেই জিজ্ঞেস করতেন, “ট্রাম্প কোথায়?” আবার অনেকে মহিষটির সঙ্গে সেলফিও তুলতেন। ছোট শিশুরা কাছে গিয়ে আদর করলেও শান্ত স্বভাবের কারণে মহিষটি কখনো উত্তেজিত হয়ে ওঠেনি।

খামারের এক কর্মচারী বলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে খুব কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কোরবানির পশু এভাবে ভাইরাল হয়েছে কিনা জানা নেই। আমরা কখনোই মহিষটিকে ভুলতে পারব না।

জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি আগেই ৫৫০ টাকা কেজি দরে কিনে নেন জিনজিরার বাসিন্দা সামির। পরে মহিষটির ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এটি দেখতে আসতে শুরু করেন।

খামার কর্তৃপক্ষ জানায়, ঢাকা ছাড়াও বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এসেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

ক্রেতা সামির বলেন, আমি অনেক আগেই মহিষটি কিনেছিলাম। পরে হঠাৎ দেখি এটি ভাইরাল হয়ে গেছে। এখন আমাদের এলাকাতেও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মহিষটিকে দেখার জন্য। এদিকে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে ভাইরাল এই মহিষ। 

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ। আমরা আজীবন এই মহিষটিকে মনে রাখব।

খামারের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন তরুণ জানান, ঈদের আগে এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে তাদের ভালো লাগে। এখন সবাই মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, তাই ভাইরাল হওয়াও সহজ হয়ে গেছে। তাদের একজন বলেন, “আমেরিকার ট্রাম্পকে না দেখলেও নারায়ণগঞ্জের ট্রাম্পকে তো দেখা হলো!”

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়