জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দর্শনা-গেদে স্থলবন্দরে টানা তিন দিনের জন্য যাত্রী পারাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, রোববার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের স্মারক (নং- ৫০০(৫৪)/JM) অনুযায়ী নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক বিভিন্ন কাজে পূর্বনির্ধারিতভাবে ভারতে যাওয়ার পরিকল্পনা থাকা বহু মানুষ হঠাৎ করেই অনিশ্চয়তায় পড়েছেন। তিন দিনের জন্য বিদেশি নাগরিকদের প্রবেশ বন্ধ থাকলেও ভারতীয় নাগরিকদের যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।
তবে মানবিক দিক বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের জরুরি কেমোথেরাপির জন্য ভারতে যাতায়াত, দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক চলাচলও স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। অতীতেও নির্বাচনকালীন সময়ে এ ধরনের সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, যা এবারও অনুসরণ করা হচ্ছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই মো. তারিক বলেন, ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের আগাম সতর্ক করতে ইতোমধ্যে প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচন শেষে আগামী ৩০ এপ্রিল থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।